ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর দায়িত্ব গ্রহণের একদিনের মাথায় মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল সকাল ১১টার দিকে রাজধানীর অদূরে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এককভাবে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে। বিউগলে করুণ সুর বেজে ওঠে। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী দর্শনার্থী বইয়ে স্বাক্ষর এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি ‘পারিজাত’ গাছের চারা রোপণ করেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তার জোট গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে ২১২টি আসনে জয়লাভের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনে বিজয়ের পাঁচ দিন পর গতকাল তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। গত মঙ্গলবার রাজধানীতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত রয়েছেন।

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা। গতকাল বুধবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান। সেখানে তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও ফাতিহা পাঠ করা হয়। এর আগে বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সেখানে প্রথমে এককভাবে এবং পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সরকারপ্রধান স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে সই করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত