ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

সরিষাবাড়ীর চরাঞ্চলে মিষ্টি আলুর ভালো দাম পাচ্ছেন কৃষক

সরিষাবাড়ীর চরাঞ্চলে মিষ্টি আলুর ভালো দাম পাচ্ছেন কৃষক

মিষ্টি আলুর জন্য পরিচিত জামালপুরের সরিষাবাড়ীতে মিষ্টি আলুর বাম্পার ফলন হয়েছে। খেত থেকে আলু তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষানিরা। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় মিষ্টি আলুর বাম্পার ফলন হওয়ার পাশাপাশি বাজার দর ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটেছে তৃপ্তির হাসি। কিন্তু মৌসুমের শেষ ভাগে বাজারদর কমে যাওয়ার অভিযোগ একাধিক চাষির। দেশে মিষ্টি আলু অবহেলিত ফসল হলেও প্রতিবছরই এ এলাকায় বড় পরিসরে আবাদ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ধারাবর্ষা, বড়বাড়ীয়া, কৈজুরী, কান্দারপাড়া, সৈয়দপুর, বয়সিংহ, ভাটারা, মোহনগঞ্জ, কাশারীপাড়া, পাখাডুবী, ফুলবাড়িয়া, পারপাড়া, গোপীনাথপুর, কৃষ্ণপুর, চর হরিপুর, আওনা, পোগলদিঘাসহ বিভিন্ন এলাকার চরাঞ্চলে মিষ্টি আলুর চাষ করে কৃষকরা। সরেজমিন গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ চরাঞ্চলজুড়ে মিষ্টি আলুর সবুজ পাতায় ছেয়ে আছে মাঠ। কৃষকরা সারিবদ্ধভাবে কোদাল দিয়ে কুপিয়ে মাটি আগলা করছে। আর পেছনে নারী শ্রমিকরা আলু কুড়িয়ে গামলায় করে নিয়ে স্তূপ করে রাখছে। এসব মিষ্টি আলু চরাঞ্চলে ঘুরে মাঠ থেকেই মেপে বস্তাবন্দি করে কৃষকের থেকে সরাসরি কিনে নিচ্ছে পাইকাররা। পরে এসব মিষ্টি আলু ট্রাকে করে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যায় পাইকাররা। আবার কৃষকরা নিজের চাষের খরচ কিছুটা বাঁচাতে মিষ্টি আলুর গাছ ও লতা গবাদিপশুর খাদ্য হিসেবে তুলে নিয়ে যাচ্ছে বাড়িতে।

বিভিন্ন গ্রামের মিষ্টি আলুচাষি আলা উদ্দিন, আব্দুস সামাদ, মোজাম্মেল হক বলেন, চরাঞ্চলের পতিত জমিতে বিশেষ করে নদীর ধারের জমিগুলোতে মিষ্টি আলু চাষ করা হয়। উপশী হাইব্রিড জাতের মিষ্টি আলু চারা রোপণের ৯০ দিনের মধ্যেই তোলা যায়। প্রতিবিঘা জমিতে ১০০ মণের উপর মিষ্টি আলু হয়। বিঘাপ্রতি জমিতে ২০-২৫ হাজার টাকা খরচ হয়। ফলন ও দাম ভালো হলে বিঘাপ্রতি ৮০-৯০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা যায়। অন্য কোনো ফসল করে এতো লাভ হয় না। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অণুপ সিংহ বলেন, এ উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে এ বছর ৬৫০ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ করা হয়েছে। ফলনে খরচ কম হওয়ায় ও দামে অধিক লাভজনক হওয়ায় পতিত জমিগুলোতে মিষ্টি আলু চাষে ঝুকছে চরাঞ্চলের কৃষকরা। মিষ্টি আলু চাষে উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের পরামর্শ ও সহায়তা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত