ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে একজনের মৃত্যু

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে একজনের মৃত্যু

চট্টগ্রাম নগরীর হালিশহরে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ দগ্ধ ৯ জনের মধ্যে রানি আকতার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকায় নেয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়। মৃত রানি আকতার একই এলাকার বাসিন্দা। তার শরীর ১০০ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন এলাকায় হালিমা মঞ্জিল নামে ছয়তলা ভবনের তৃতীয় তলার রান্নাঘরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

অন্য দগ্ধরা হলেন: শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫)। তাদের মধ্যে পাখি এবং সাখাওয়াতের শরীর শতভাগ পুড়ে গেছে। এ ছাড়া একজনের ৮০, একজনের ৪৫ এবং বাকিদের শরীর ২০- ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ভোরে ছয়তলা ভবনের তৃতীয় তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়। এতে ঘরে থাকা নারী, শিশুসহ বেশ কয়েকজন দগ্ধ হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়। সেখানে যাওয়ার পথে বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লায় এক নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি। বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মো. আসফাকুল আসিফ জানান, দগ্ধদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। শিশুসহ তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। আইসিইউ ফ্যাসিলিটির জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে দগ্ধ বাকি ৮জনকে জাতীয় বার্ণ ইনিস্টিটিউটে নেয়া হয়েছে।

হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ : রাজধানীর হাজারীবাগ থানাধীন রায়েরবাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ চারজন আগুনে দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন শেখ নোমান (৩৫), পিংকি আক্তার (৩২), দম্পতির ছেলে রোহান (৩) ও শেখ নোমানের শ্যালক অপু (২৩)। গত রোবাবর দিবাগত রাত পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পরে গত সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তাদের নিয়ে আসা মো. মামুন জানান, হাজারীবাগে রায়েরবাজার জাহানারা ভিলার ৬ তলার নিচতলায় ভাড়া বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আগুন গেলে যায়। এতে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়। পরে তাদের জাতীয় বার্নে নিয়ে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, শেখ নোমান নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকার শেখ গোলাম মাওলার ছেলে। বর্তমানে রায়েরবাজারে ১৪৭ নং জাহানারা ভিলার ৬তলার নিচতলায় ভাড়া বাসায় থাকতেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, হাজারীবাগ রায়েরবাজার থেকে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়ে এসেছেন। শেখ নেমান ৭০ শতাংশ দগ্ধ, তার স্ত্রী পিংকি আক্তার ৭৫ শতাংশ দগ্ধ, ছেলে রোহান ৩৫ শতাংশ দগ্ধ ও তার শ্যালক অপুর ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত