ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নাথিং ফোন ৪এ আসছে বাজারে

নাথিং ফোন ৪এ আসছে বাজারে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল ‘নাথিং ফোন ৪এ’ (Nothing Phone 4a) সিরিজের আগমনের তারিখ। বার্সেলোনায় অনুষ্ঠিতব্য এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) চলাকালীন নতুন কিছু চমক নিয়ে আসার যে গুঞ্জন ছিল, তা এখন অফিসিয়াল। কোম্পানিটি তাদের পরবর্তী স্মার্টফোন সিরিজের লঞ্চ ইভেন্টের আমন্ত্রণপত্র পাঠানোর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ২ থেকে ৫ মার্চ, ২০২৬ পর্যন্ত স্পেনের বার্সেলোনায় MWC মেলা চললেও নাথিং-এর এই বিশেষ ইভেন্টটি অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের লন্ডনে। অনুষ্ঠানটি জিএমটি (এগঞ) সকাল ১০:৩০ মিনিটে শুরু হবে, যা বাংলাদেশ সময় বিকেল ৪:৩০ মিনিটে সরাসরি নাথিং-এর অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রচার করা হবে।

আমন্ত্রণপত্রের মূল স্লোগান রাখা হয়েছে- “Something nwe is coming”। তবে এবারের আমন্ত্রণপত্রে কোনো লুকোছাপা না করে সরাসরি উল্লেখ করা হয়েছে যে, ইভেন্টটি মূলত ‘নাথিং ফোন ৪এ’ সিরিজকে কেন্দ্র করেই আয়োজিত হচ্ছে।

গত বছর MWC -তে নাথিং তাদের ৩এ এবং ৩এ প্রো মডেল দুটি বাজারে এনেছিল, যা সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ডিজাইনের কারণে বেশ জনপ্রিয় হয়। সেই ধারাবাহিকতায় এবারও দুটি মডেল আসার সম্ভাবনা প্রবল। ধারণা করা হচ্ছে এতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৭-সিরিজের শক্তিশালী চিপসেট। নাথিং তাদের সিগনেচার সাদা-কালো (monochromatic) ডিজাইনের জন্য পরিচিত হলেও, এবার ফোনগুলো একাধিক আকর্ষণীয় রঙে দেখা যেতে পারে।

মজার বিষয় হলো, অ্যাপলের ‘স্পেশাল এক্সপেরিয়েন্স’ ইভেন্টের ঠিক একদিন পরেই নাথিং তাদের এই লঞ্চ প্রোগ্রামটি রেখেছে। অ্যাপলের সম্ভাব্য আইফোন ১৭ই বা নতুন আইপ্যাড লঞ্চের খবরের মাঝেই নাথিং-এর সিইও কার্ল পেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ রসিকতাও করেছেন।

সব মিলিয়ে প্রযুক্তিপ্রেমীদের জন্য আগামী মার্চ মাসটি বেশ জমজমাট হতে যাচ্ছে। একদিকে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের গুঞ্জন, অন্যদিকে অ্যাপল ও নাথিং-এর নতুন ডিভাইসের লড়াই- সব মিলিয়ে স্মার্টফোন বাজারে বইছে উত্তেজনার হাওয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত