
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দ করার আদেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দ করার আবেদন করেন দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন। আবেদনে বলা হয়, জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অপরাধে শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৯ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ২০ বিধি অনুযায়ী আসামির আয়-ব্যয়ের সঠিকতা যাচাই করা এবং তার মালিকানাধীন অন্য কোনো সম্পদ রয়েছে কি না তা জানা প্রয়োজন। এ কারণে শফিক আহমেদ সিদ্দিকের ২০১৩-১৪ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দপূর্বক পর্যালোচনা করা প্রয়োজন।