ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশে ইসলামের ধারক বাহক জিয়াউর রহমান

বললেন ধর্মমন্ত্রী
বাংলাদেশে ইসলামের ধারক বাহক জিয়াউর রহমান

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করে বাংলাদেশে ইসলাম ধর্মে তার ভূমিকা নিয়ে কথা বলেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, ‘বাংলাদেশে ইসলামের ধারক-বাহক জিয়াউর রহমান সাহেব। সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ লিখেছেন জিয়াউর রহমান। তিনি মধ্যপ্রাচ্যের সঙ্গে সুসম্পর্ক করেছেন। এই সুসম্পর্ককে কন্টিনিউ (অব্যাহত) করেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

‘খালেদা জিয়া আলেমদের মূল্যায়ন করেছেন। ২০০৯ সালে বাংলাদেশের প্রখ্যাত আলেমদের রোজার মাসে হাদিয়া পাঠিয়েছিলেন। নামাজের মোসাল্লা (জায়নামাজ), খেজুর ও আতর বাংলাদেশের প্রখ্যাত আলেমদের পাঠিয়েছিলেন।’ গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা’ অনুষ্ঠানে কথা বলছিলেন ধর্মমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ইসলামের দুশমনরা ষড়যন্ত্র করছে মন্তব্য করে তার জন্য দোয়াও চান তিনি। কায়কোবাদ বলেন, ‘আপনারা দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহপাক যেন উনাকে (তারেক রহমান) হেফাজত করেন। কারণ উনার বিরুদ্ধে ইসলামের দুশমনরা প্রচুর ষড়যন্ত্র করতেছে, যাতে করে উনি কোনো ভালো কাজ না করতে পারেন।’

‘হিফযুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা’ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম বক্তব্য দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত