
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে ইটিপি ছাড়া পরিচালিত ২০ শিল্প কারখানার বিদ্যুৎ ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল। পরিবেশ অধিদফতরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মুনতাসির উদ্দিন আহাম্মেদ। সরকারের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান।
শীতলক্ষ্যা নদীর তীরে বিভিন্ন শিল্প-কারখানা স্থাপন করে পরিচালিত হচ্ছে যাদের ইটিপি নেই এবং পানি দূষণ করছে- এ সম্পর্কিত প্রতিবেদন সংযোজন করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট পিটিশন দায়ের করে। গত বছরের ৬ মে হাইকোর্ট রুল জারি করে নির্দেশনা দেন, যেসব শিল্প-কারখানা থেকে দূষণ হচ্ছে সেগুলো মনিটরিং কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে তার হিসাব করে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়।
আদালতের আদেশ অনুসারে, বিভিন্ন প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা সম্পর্কে গত ৮ ডিসেম্বর আদালতে প্রতিদেবন দাখিল পরিবেশ অধিদফতর। ওই প্রতিদেবনে দেখা যায়, ২০ প্রতিষ্ঠান ইটিপি ছাড়াই তাদের শিল্প-কারখানা পরিচালনা করে আসছে। তাদের মধ্যে অন্যতম হলো– খালেক টেক্সটাইল, লীনা পেপার মিল, আর এস কে ডাইং, খান ব্রাদার্স টেক্সটাইল, এসআরএস নিড ডাইং, মেসার্স রুবেল ডাইং, বাংলাদেশ ডাইং অ্যান্ড প্রসেসিং, এশিয়ান ফেব্রিক, জিলানী ডাইং, গাজীপুর বোর্ড মিলস, নিউ আলম ডাইং, মায়ের দোয়া ডাইং, এম আর ডাইং, আব্দুর রব ডাইং, বিসমিল্লা নিট ডাইং, শিমুল ডাইং, রাজ্জাক ওয়াশিং এবং হাজি রাসূল ডাইং।
ওই প্রতিবেদন পর্যালোচনার পর এইচআরপিবির পক্ষে একটি সম্পূরক আবেদন দাখিল করে; যারা ইটিপি ছাড়া পরিচালনা করছে তাদের বিদ্যুৎ ও গ্যাস লাইন বিচ্ছিন্ন করার জন্য নির্দেশনা প্রার্থনা করা হয়। বৃহস্পতিবার আবেদনের ওপর শুনানির পরে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শীতলক্ষ্যা নদীর তীরে ইটিপি ছাড়া পরিচালিত ২০ শিল্প-কারখানার বিদ্যুৎ ও গ্যাস লাইন সংযোগ বিচ্ছি করার জন্য বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দেন। একইসঙ্গে আদালত নির্দেশনা বাস্তবায়ন করে আগামী ৩০ এপ্রিল আদালতে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।