ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম

নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। এ আসনে জয়ী হয়েছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে ৩০-এর বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

নীলফামারী-২ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে করা এক আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব নির্বাচনি সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, এ আসনে জয়ী হয়েছেন আল ফারুক আব্দুল লতিফ। নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করেছেন বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম। এর আগে বিভিন্ন আসনের নির্বাচনি ফল নিয়ে অন্তত ৩০ জনের বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। এসব আবেদনের প্রাথমিক শুনানি গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপার ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

আইন অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর ৪৯ ধারা অনুসারে নির্বাচনি অনিয়মের অভিযোগে করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ বর্তমানে এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ রয়েছে, ২০০১ সালের সংশোধনের মাধ্যমে পরিবর্তিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনি আবেদনপত্র, সংশ্লিষ্ট রুল ও অন্যান্য আবেদন গ্রহণ এবং শুনানির এখতিয়ার এই বেঞ্চের ওপর ন্যস্ত আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত