ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ

* ভর্তিতে ফিরতে পারে পরীক্ষা * শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে নতুন সিদ্ধান্ত
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ

সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। তবে নিয়োগের যোগ্যতা ও সনদ সংক্রান্ত কিছু জটিলতা থাকায় প্রক্রিয়াটি কিছুটা বিলম্বিত হচ্ছে। দ্রুতই এসব কাটিয়ে নিয়োগ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গতকাল রোববার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হয়।

বিএনপি দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কারিআনা পাসধারীদের সুযোগ দেওয়া হবে। ইসলাম ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মকেও আমরা সমান গুরুত্ব দিচ্ছি। যোগ্য শিক্ষক নিয়োগের মাধ্যমে ধর্মীয় শিক্ষার মান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

এনসিপির হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী বিগত সরকারের চালু করা ‘ভর্তি লটারি’ পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম আমার কাছে যুক্তিসংগত মনে হয়নি। আগামী শিক্ষাবর্ষে ভর্তির পদ্ধতি নির্ধারণে আমরা অংশীজনদের সঙ্গে আলোচনা করব। সবার অভিমত নিয়ে একটি যুগোপযোগী পদ্ধতি চালু করা হবে। মন্ত্রী আরও জানান, ইংরেজি মাধ্যমের স্কুলগুলোকে সরকারি নজরদারিতে আনা এবং ইবতেদায়ী ও কওমী মাদরাসাসহ সব শিক্ষাব্যবস্থাকে একটি সমন্বিত পদ্ধতির আওতায় আনার কাজ চলছে।

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি প্রয়োজনীয়তা সাপেক্ষে বিবেচনা করা হবে। এ ছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন আহ্বান করা হবে এবং পুরাতন আবেদনগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে নতুন সিদ্ধান্ত : শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমপিওভুক্তির জন্য সরকার নতুন করে আবেদন নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। গতকাল রোববার জাতীয় সংসদে এ তথ্য দেন তিনি।

আ ন ম এহসানুল হক মিলন বলেন, নৈতিক শিক্ষার অবক্ষয়রোধে সারা দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, শুধু ইসলাম শিক্ষা নয়, সব ধর্মের শিক্ষকই থাকবে। ইংলিশ মিডিয়াম স্কুল নিয়মের আওতায় আনার বিষয়ে কমিটি করা হয়েছে। সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের করা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। ‘বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে’ উল্লেখ করে আ ন ম এহসানুল হক মিলন বলেন, বর্তমান সরকার এগুলোর মানোন্নয়নের বিষয়ে বদ্ধপরিকর। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন আহ্বান করবে সরকার। পুরাতন আবেদনগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে। এর আগে বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত