
মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার প্রেক্ষিতে শোক ও সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। গতকাল মঙ্গলবার মালদ্বীপের প্রেসিডেন্টের অফিস এ তথ্য জানিয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু চিঠিতে গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, এ কঠিন সময়ে মালদ্বীপের সরকার এবং জনগণ বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার, বিশেষ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। তিনি আরও বলেন, মালদ্বীপবাসী ক্ষতিগ্রস্ত সবার সঙ্গে রয়েছেন এবং চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত এবং সম্পূর্ণ আরোগ্য কামনা করছে।
মালদ্বীপে বাংলাদেশি সম্প্রদায় সমাজে মূল্যবান ভূমিকা পালন করে এবং এ ঘটনার ফলে সৃষ্ট ভয়াবহ ক্ষতি ও দুঃখের অংশীদার বলে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি নিবিড়ভাবে তদন্ত এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
গত ১৩ মার্চ মালদ্বী?পের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ডিগুরাহ দ্বীপে একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মর্মান্তিক ঘটনায় পাঁচজন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেন। আরও দুইজন গুরুতরভাবে আহত হন। বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে মোট ৭ জনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়।