ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আসনের দ্বিগুণ যাত্রী ছাদে নিয়ে ফিরছে ট্রেন

ঈদ শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ
আসনের দ্বিগুণ যাত্রী ছাদে নিয়ে ফিরছে ট্রেন

শেষ হয়েছে ঈদুল ফিতরের ছুটি, গতকাল বৃহস্পতিবার ছিল স্বাধীনতা দিবসের ছুটি। মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আগামী রোববার অফিস শুরু হবে। তাই ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। দিনাজপুরে বাস ও ট্রেনের টিকিট না পেয়ে তপ্তরোদে উত্তপ্ত ট্রেনের ছাদে আসনের দ্বিগুণ যাত্রী নিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। অনেক যাত্রী আবার বগির ভিতরে মানুষের চাপে গরম সহ্য করতে না পেরে ট্রেনের ছাদেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন দুপুর ২টা ২০ মিনিটে দিনাজপুর স্টেশনে পৌঁছায়। ১৫ মিনিট বিরতী দিয়ে ২টা ৩৫ মিনিটে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। গতকাল বৃহস্পতিবার ছিল উপচে পড়া ভিড়, ট্রেনের সিটের বিপরীতে যাত্রী সংখ্যা দ্বিগুণ হওয়ায় কাঠফাঁটা রোদেও ট্রেনের ছাদে চড়ে যাত্রা করতে বাধ্য হন যাত্রীরা। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, টিকেট না পেয়ে বাধ্য হয়ে অনেকে ছাদে উঠেছেন, অনেকে আবার স্ট্যান্ড টিকিট নিলেও বগির ভেতরে গরমে টিকতে না পেরে ছাদে উঠেছেন। কারণ কোনো উপায় নেই, রোববার কর্মস্থলে যোগদান করতেই হবে। গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় স্টেশনে অপেক্ষা করতে থাকেন এ প্রতিবেদক। নির্দিষ্ট সময়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে ঠাকুরগাঁও হয়ে দিনাজপুর আসতেই ছাদে জায়গা নেই। ট্রেনটি কমলাপুর পৌঁছানের আগে ছাদেও তিল পরিমান যায়গা ফাঁকা থাকবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা বলেন বাধা দিয়েও ঠেকানো যাচ্ছে না ট্রেনের ছাদে যাত্রা করা। এর আগে গত বুধবার দিবাগত রাতে একতা এক্সপ্রেস ট্রেনে এবং গতকাল সকালে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে ছাদে করে মানুষ যাত্রা করেছে। পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে ট্রেনের ছাদে আসা আসা মিলন রহমান ও সাজু বলেন, গত দুই দিন থেকে প্রচণ্ড রোদ। রোদে ছাদ এতটাই উত্তপ্ত যে, রুটি ভাজা যাবে। আমাদের ১১-১২ ঘণ্টা ট্রেনের ছাদেই থাকতে হবে। রাতে হয়তো কিছুটা আরাম পাওয়া যাবে। আল্লাহর উপর ভরসা করে রওনা দিলাম। দিনাজপুর স্টেশনে ট্রেনের ছাদে উঠেছেন আব্দুস সামাদ। তিনি বলেন, টিকিট কেটেছি। কিন্তু ভেতরে যাত্রীর চাপ ও গরমে টিকতে না পেরে ছাদে উঠতে হলো। দিনাজপুর স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান বলেন, সরকার এবার ঈদে দীর্ঘ ছুটি দিয়েছিল যেন মানুষ ধীরে সুস্থে যাতাযাত করতে পারেন। কিন্তু মানুষ ছুটি শেষ করেই যাচ্ছেন। শেষের দিকে চাপ বাড়ছে। অতিরিক্ত বগি দিয়েও চাপ সামলানো যাচ্ছে না। অথচ ঈদের পরে কয়েকদিন ট্রেন ফাঁকা গেছে। তীব্র গরমে ট্রেনের ছাদে কিভাবে ঢাকা যাবে বিষয়টি ভাবতেই অবাক লাগছে। আসনের দ্বিগুণ যাত্রী ট্রেনে যাত্রা করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত