ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের ইন্তেকাল

স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের ইন্তেকাল

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। দিলারা হাফিজের বয়স ছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শায়রুল কবির খান জানান, তার লাশ আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। প্রথম জানাজা ৩০ মার্চ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলা ১১টায়। এরপর বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে আরেকটি জানাজা হবে। পরে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে। ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করা দিলারা হাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি সরকারি ইডেন কলেজের প্রভাষক হিসেবে চাকুরি জীবন শুরু করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে সোহরাওয়ার্দী কলেজ, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, দিলারা হাফিজের লাশ আজ রোববার সন্ধ্যায় ঢাকা পৌঁছাবে। মরহুমার প্রথম নামাযের জানাজা ৩০ মার্চ বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং দ্বিতীয় নামাযের জানাজা ঢাকা ক্যান্টনমেন্টে বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। মরহুমাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মরহুমা দিলারা হাফিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন সজ্জন শিক্ষাবিদ হারাল।

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। গতকাল এক শোক বার্তায়, ডেপুটি স্পিকার মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রীর মৃত্যুতে ডা. শফিকুর রহমানের শোক : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে প্রকাশিত এক শোকবার্তায় তিনি মরহুমার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মরহুমা দিলারা হাফিজ তার পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালন করে তিনি যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সঙ্গে সবাই স্মরণ করবে। তিনি মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষভাবে প্রার্থনা করেন।

সেইসঙ্গে তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

জাতীয় সংসদের স্পীকারের সহধর্মিণীর মৃত্যুতে কৃষি মন্ত্রীর শোক : ত্রয়োদশ জাতীয় সংসদের স্পীকার এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শোকবার্তায় মন্ত্রী বলেন, দিলারা হাফিজ একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ছিলেন। তার দীর্ঘ কর্মজীবনে দেশের শিক্ষা বিস্তার ও উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন দক্ষ ও দায়িত্বশীল অভিভাবক হারিয়েছে। মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্র কাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত