
দেশের বাজারে টানা তিন দফা কমার পর গতকাল শনিবার একদিনে দুই দফা বেড়েছে স্বর্ণের দাম। গতকাল সকাল ১০টার দিকে ভালো মান বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়েছে দুই হাজার ১৫৭ টাকা। পরে এদিন বিকেল ৪ টায় আরেক দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বাড়ল চার হাজার ৪৩৩ টাকা। সেই হিসাবে গতকাল শনিবার বিকেল থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, শনিবার বিকেল থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬০ হাজার ৮৪৭ টাকায় বিক্রি হবে। এর আগে শনিবার ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৩৭ হাজার ১২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৬ হাজার ২৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৭ হাজার ৯৩১ টাকায় বিক্রি হয়েছে।
গত শুক্রবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকায় বিক্রি হয়। বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।