ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আইভী ও জিয়াউলের জামিন নামঞ্জুর

আইভী ও জিয়াউলের জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়রমিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন।

আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি। বর্তমানে তিনি গাজীপুর জেলার কাশিমপুর মহিলা কারাগারে বন্দি আছেন। সেমিল মন্ডল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে গত ২৬ ফেব্রুয়ারি আবেদন করেন সেলিম মন্ডল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সামাদ। এ নিয়ে আইভীকে মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। এ ছাড়া আইভী আরও পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত করা হয়। বর্তমানে সেটি আপিল বিভাগে শুনানির অপেক্ষা রয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ইন্টেরিয়রমিস্ত্রি সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় তার ভাই ওয়াজেদ আলী হত্যা মামলাটি করেন। মামলায় ৭ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করা হয়েছে। আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘সেলিম মন্ডল হত্যা মামলায় এজাহারে আইভীর নাম না থাকলেও ১১ মাস পর তাকে বেআইনিভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা আদালতের কাছে এই মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে কী তথ্য আছে, তা ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে বললেও তদন্তকারী কর্মকর্তা করেননি। গত ২৬ ফেব্রুয়ারিতে জামিন পাওয়ার পরদিনই সেলিনা হায়াৎ আইভীকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়, যা হয়রানিমূলক।’ একই সময়ে দুটি ঘটনায় কীভাবে একজন আসামি হতে পারেন, এ প্রশ্ন তুলে আইনজীবী দাবি করেন আইভী একজন গ্রহণযোগ্য ব্যক্তি হওয়ায় তাঁকে আগেই চেনার কথা, কিন্তু উদ্দেশ্যেপ্রণোদিতভাবে হয়রানি করতে এই হত্যা মামলায় তাকে জড়ানো হয়েছে। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

গত ৯ মে ভোর সাড়ে ছয়টায় অনেক নাটকীয়তার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ওই দিন সকাল ১০টায় গত বছরের ২০ জুলাই পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে সিদ্ধিরগঞ্জ থানা- পুলিশ। এরপর তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। কাশিমপুর মহিলা কারাগারে বন্দী আছেন আইভী। এরপর তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। জিয়াউল আহসানের জামিন নামঞ্জুর : জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। একই সঙ্গে তার ব্যাংক হিসাব ও জব্দকৃত সম্পদ অবমুক্তের আবেদনও প্রত্যাখ্যান করা হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। রিয়াজ হোসেন বলেন, আসামিপক্ষের আইনজীবী জামিনের পাশাপাশি স্থগিত করা ব্যাংক হিসাব এবং জব্দ করা সম্পত্তি অবমুক্ত করার আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত সবগুলো আবেদনই খারিজ করে দেন। এর আগে, চলতি বছরের ৭ জানুয়ারি একই আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে জিয়াউল আহসানকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। মামলার অভিযোগ অনুযায়ী, সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া এই সাবেক কর্মকর্তা তার বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ প্রায় ২২ কোটি ২৭ লাখ টাকার সম্পদ গড়ে তোলেন। এছাড়া বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত নির্দেশনা লঙ্ঘন করে নিজের হিসাবে ৫৫ হাজার মার্কিন ডলার জমা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগে আরও বলা হয়, তার নামে থাকা একাধিক ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। এসব অর্থ স্ত্রীর সহযোগিতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে অর্জিত ক্ষমতার অপব্যবহার করে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, দণ্ডবিধি এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত