ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বাড্ডা ইউলুপে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

বাড্ডা ইউলুপে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীর মধ্যবাড্ডায় ইউলুপ উড়ালসেতুর ওপরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্রের প্রাণ গেছে, আহত হয়েছে আরও একজন। পুলিশ জানিয়েছে, নিহত মো. ফাহিম (১৭) ওই এলাকার সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

সোমবার বেলা আড়াইটার দিকে রাস্তায় পড়ে থাকা ফাহিমকে উদ্ধার করে বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বাদশা নামে এক পথাচারী। জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষার পর ফাহিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আরেকজনকে বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

ফাহিমকে হাসপাতালে নিয়ে আসা বাদশা বলছেন, হঠাৎ জোরে শব্দ শুনে তিনি গিয়ে দেখেন এক তরুণ রাস্তায় পড়ে ছটফট করছে। আরেকজনও আহত অবস্থায় কাতরাচ্ছেন। পাশে তাদের মোটরসাইকেলটি পড়ে রয়েছে। সেখানে কিছু লোক আহত একজনকে নিয়ে যায়। বাদশাসহ কয়েকজন ফাহিমকে তুলে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। বাদশা বলেন, সেখানকার লোকজন জানিয়েছে, একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। ধাক্কা দিয়েই পালিয়ে যায় অটোরিকশাটি।

ফাহিমের লাশ কিছুক্ষণ পরিচয়বিহীন অবস্থায় ঢাকা মেডিকেরে পড়ে ছিল। বিকেলে তার স্বজনেরা গিয়ে লাশ শনাক্ত করেন। ফাহিম উত্তর বাড্ডার মো. হালিম এর ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। যে মোটরসাইকেলটি নিয়ে তিনি দুর্ঘটনায় পড়েন, সেটি এক মাস আগেই কিনে দেওয়া হয়েছিল বলে স্বজনেরা জানাচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত তরুণের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানাকে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত