
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে বিমান অভিযান পরিচালনা করার জন্য সিসিলি দ্বীপের সিগোনেল্লায় স্থাপিত নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইতালির সরকার তা অনুমোদন করেনি। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইতালির দৈনিক করিয়েরে দেল্লা সেরা।
সরকারি সূত্রের বরাত দিয়ে করিয়েরে দেল্লা সেরা জানিয়েছে, সম্প্রতি ইতালির সরকারি কর্তৃপক্ষ এবং প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে কোনো প্রকার পূর্বালোচনা না করেই সিগোনেল্লা ঘাঁটিতে কয়েকটি শক্তিশালী বোমারু বিমান পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী। মূলত ইরানের সামরিক অভিযানে ব্যবহারের জন্যই পাঠানো হয়েছিল বিমানগুলো। ব্যাপারটি জানতে পেরে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করে রোম জানিয়ে দেয়— মধ্যপ্রাচ্যের সামরিক অভিযানে সিগোনেল্লা ঘাঁটি-কে ব্যবহার করা যাবে না এবং ইতালির অন্য কোনো ঘাঁটি যদি মার্কিন বাহিনী ব্যবহার করতে চায়— তাহলে অবশ্যই ইতালির সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে দাপ্তরিকভাবে অনুমতি নিতে হবে।
ইতালিতে মার্কিন সেনাবাহিনীর বেশ কয়েকটি ঘাঁটি ও স্থাপনা আছে। সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো হলো আভিয়ানো বিমানঘাঁটি, ভিসেঞ্জা সেনাঘাঁটি, ক্যাম্প ডার্বি সেনাঘাঁটি, নেপলসের নৌঘাঁটি এবং সিগোনেল্লার বিমান ও নৌঘাঁটি। তবে যুক্তরাষ্ট্র কতগুলো বিমান সিগোনেল্লায় এনেছিল— তা জানায়নি ইতালির সরকারি সূত্র। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে ইতালির সরকারি ও সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স; কোনো কর্মকর্তা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চাননি। এর আগে স্পেন ইরান যুদ্ধে দুই স্পেনীয় সেনাঘাঁটি মোরোন ও রোতা ব্যবহারে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা দিয়েছে।