
আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নির্বাচনের আগের পাঁচ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী দুই দিন টহল পরিচালনাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ সেক্টরের তত্ত্বাবধানে এবং ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় ইতোমধ্যে ১৬ প্লাটুন সদস্য শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় চারটি বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন শুরু করেছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় ওই আসনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির উপস্থিতি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরাও নির্বাচনী এলাকায় প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সবসময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করে থাকে। এরই ধারাবাহিকতায় এই নির্বাচনেও তারা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। এতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন: আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ও আইনশৃঙ্খলা রক্ষায় ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ও পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো ৮ প্লাটুন সদস্য ইতোমধ্যে বগুড়া সদর উপজেলায় তিনটি বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন শুরু করেছে।
বিজিবি সদস্যরা নির্বাচনের আগে, নির্বাচনের দিন ও নির্বাচন-পরবর্তী সময়ে টহল পরিচালনাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে কাজ করবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সবসময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করে থাকে। এর ধারাবাহিকতায় এই উপনির্বাচনেও তারা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। এতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু ফজল মো. সানাউল্লাহ বলেছেন, কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল রোববার সকালে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট সেলের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে, সংঘাত ও রক্তপাত ছাড়াই সম্পন্ন হয়েছে। উপনির্বাচন বলে এটিকে ছোট করে দেখার সুযোগ নেই। কমিশন এ নির্বাচনকেও সমান গুরুত্ব দিচ্ছে। দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বিগত নির্বাচনে কিছু প্রিসাইডিং কর্মকর্তার অসতর্কতার কারণে বিতর্ক তৈরি হয়েছিল, যা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। অবৈধ ও হারানো অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। এখনো চার শতাধিক পিস্তল নিখোঁজ রয়েছে। কোনো অসৎ উদ্দেশ্য যেন বাস্তবায়িত না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম, আনসার বাহিনীর রাজশাহী রেঞ্জের পরিচালক শফিকুল ইসলাম, বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সেনাবাহিনীর ৪০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট তানভীর আহমেদ তমাল, বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম প্রমুখ।