
দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়। রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে এ কম্পন বাংলাদেশের সিলেট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায়ও টের পাওয়া গেছে।
গতকাল বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে এ ভূকম্পন শুরু হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
শিলচর ছাড়াও ভারতের আসামের বিভিন্ন স্থান ও বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় এ কম্পন অনুভূত হয়।
হঠাৎ কম্পনে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।