
সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সাক্ষাতে গেলে এ আহ্বান জানিয়েছেন তিনি। সংসদ ভবনে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন তা অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সক্ষাতের কথা জানিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকালে দেশের আকাশসীমার সার্বিক নিরাপত্তা, জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ, দুর্যোগ মোকাবিলায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এ সময় বিমান বাহিনী প্রধান, বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবগত করেন। প্রধানমন্ত্রী সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।