
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অস্থায়ী অস্ত্রবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সরকার মনে করছে, এটি অঞ্চলটিতে উত্তেজনা কমানোর দিকে একটি উৎসাহজনক অগ্রগতি। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আশা করছে সংঘর্ষে যুক্ত সব পক্ষ অস্ত্রবিরতি মেনে চলবে। তারা এই সুযোগ ব্যবহার করবে স্থায়ী ও টেকসই সমাধানের জন্য, যাতে পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা যায়।
বাংলাদেশ সরকার কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত সব পক্ষের প্রশংসা করেছে, যারা অস্ত্রবিরতির সূচনা ও কার্যকারিতায় ভূমিকা রেখেছেন। সব বিরোধ শান্তিপূর্ণভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা যায় এবং করা উচিত- এমনটাই মনে করে বাংলাদেশ। তবে বিবৃতিতে কোথাও যুক্তরাষ্ট্র বা ইরানের নাম উল্লেখ করেনি বাংলাদেশ।