
কালবৈশাখী বা বজ্রসহ ঝড়ের সময় আমরা সাধারণত ঘরের বাইরে নিরাপত্তা নিয়ে বেশি ভাবি। কিন্তু ঘরের ভেতরে থাকা ইন্টারনেট সংযোগ্ল- বিশেষ করে ওয়াইফাই রাউটার নিয়েও সতর্ক থাকা জরুরি। প্রশ্ন হচ্ছে, এমন আবহাওয়ায় ওয়াইফাই চালু রাখা কতটা নিরাপদ? ঝড়ের সময় সবচেয়ে বড় তিনটি ঝুঁকি তৈরি হয়- বজ্রপাত, ভোল্টেজ ওঠানামা এবং হঠাৎ পাওয়ার সার্জ। এই সার্জ শুধু বিদ্যুৎ লাইনের মাধ্যমেই নয়, ব্রডব্যান্ড বা ফাইবার কেবল দিয়েও ঘরে ঢুকতে পারে। ফলে রাউটার, মডেম বা সংযুক্ত ডিভাইস ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
তীব্র ঝড়ের সময় ওয়াইফাই চালু থাকলে রাউটার বা মডেম পুড়ে যেতে পারে। ওএনটি ডিভাইস নষ্ট হতে পারে। সংযুক্ত কম্পিউটার বা ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিরল ক্ষেত্রে শর্টসার্কিট থেকে আগুন লাগার ঝুঁকিও তৈরি হয়। যদিও সব সময় এমনটা ঘটে না, তবে ঝুঁকিকে অবহেলা করার সুযোগ নেই। তীব্র ঝড় বা বজ্রপাতের সময় ওয়াইফাই বন্ধ রাখাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। বিশেষ করে যখন বিদ্যুৎ বারবার যাওয়া-আসা করে বা ঝড়ের তীব্রতা বেশি থাকে।
শুধু সুইচ অফ করলেই যথেষ্ট নয়। নিরাপত্তা নিশ্চিত করতে রাউটার ও মডেমের পাওয়ার প্লাগ খুলে রাখুন। সম্ভব হলে ল্যান বা ফাইবার কেবলও বিচ্ছিন্ন করুন। এতে সার্জ সরাসরি ডিভাইসে প্রবেশ করতে পারে না।
সাধারণ বৃষ্টি বা স্বাভাবিক আবহাওয়ায় ওয়াইফাই চালু রাখায় সমস্যা নেই। এই সতর্কতা মূলত বজ্রসহ ঝড় বা তীব্র আবহাওয়ার সময়ের জন্য। ঝুঁকি কমাতে কিছু অতিরিক্ত ব্যবস্থা নিতে পারেন- সার্জ প্রোটেক্টর ব্যবহার, ইউপিএস ব্যবহার ও মানসম্মত রাউটার ব্যবহার।
ঝড়ের সময় যেমন দরজা-জানালা বন্ধ রাখেন, তেমনি ছোট একটি অভ্যাস- ওয়াইফাই রাউটার বন্ধ রাখা আপনার ডিভাইসকে বড় ক্ষতি থেকে রক্ষা করতে পারে। সাময়িক ইন্টারনেট বিচ্ছিন্নতা কিছুটা অসুবিধা তৈরি করলেও ডিভাইস নষ্ট হওয়ার ঝুঁকি এড়ানোই বুদ্ধিমানের কাজ।