
হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন না করার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে হজযাত্রীদের হজ এজেন্সি বা অন্য কারও প্ররোচনায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
গতকাল শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি আরবের আইনানুযায়ী হজযাত্রীর লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার এবং পচনশীল দ্রব্যাদি বহন নিষিদ্ধ। বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও উল্লেখ রয়েছে।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে সৌদি বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বারবার সতর্ক করার পরও এ ধরনের ঘটনা ঘটছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ বিষয়ে হজযাত্রীদের সতর্কতা অবলম্বনের অনুরোধ জানান তিনি।
ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি বলেন, সৌদিতে কোনো হজযাত্রীর লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে সে দেশের প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এরূপ কাজে সংশ্লিষ্ট হজযাত্রীর হজ পালনও ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। এমনকি হজ করার সুযোগ নাও পেতে পারেন তিনি। এ কারণে কোনোভাবেই নিষিদ্ধ পণ্য বহন করা যাবে না।