ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

৬৫ লাখ টাকার সম্পদ গোপন, ‘মাদক ব্যবসায়ীর’ সাত বছর কারাদণ্ড

৬৫ লাখ টাকার সম্পদ গোপন, ‘মাদক ব্যবসায়ীর’ সাত বছর কারাদণ্ড

চট্টগ্রামে অবৈধভাবে সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে এক ব্যক্তির সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৬৬০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় দেন।

দণ্ড পাওয়া ওই ব্যক্তির নাম রূপম চৌধুরী (৪১)। তাঁর বাড়ি বোয়ালখালী উপজেলার সারোয়াতলী এলাকার দয়াল চৌধুরীর ছেলে। তবে তিনি নগরের হালিশহর থানার মধ্যম নাথপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন।

রায়ের বিষয়টি দুদকের আইনজীবী মোকাররম হোসেন প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রূপম চৌধুরীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ২ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৬৬০ টাকা জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, রূপম চৌধুরী দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদ বিবরণীতে ৬৫ লাখ ৬ হাজার ৮৩০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এর মধ্যে স্থাবর সম্পদ ৩৮ লাখ ২৩ হাজার ৪৩৯ টাকার এবং অস্থাবর সম্পদ ২৬ লাখ ৮৩ হাজার ৩৯১ টাকার। এ ছাড়া রূপমের বিরুদ্ধে ১ কোটি ৬১ লাখ ৫১ হাজার ৮৩০ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের প্রমাণ পাওয়া যায়, যা তাঁর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ। এ ঘটনায় করা মামলায় তদন্ত শেষে দুদক তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এরপর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত