ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন

চিকিৎসা শেষে মিরপুর মডেল থানার হত্যা মামলায় ফের তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে। গতকাল সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি মিরপুর বিভাগের এসআই কফিল উদ্দিন সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন বলেন, মাসুদ উদ্দিন ২০০৭ সালের এক-এগারোর কুশীলব।

মাসুদ উদ্দিন চৌধুরীর আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। তিনি আদালতে মাসুদ উদ্দিন চৌধুরীর বিভিন্ন শারিরীক সমস্যার কথা তুলে ধরে বলেন, এ মামলায় দু’দফায় আট দিনের রিমান্ডে নিয়েছেন। কী পেলেন তদন্ত কর্মকর্তা- তা কিন্তু উল্লেখ করেনি। ১৫ দিন তিনি চিকিৎসায় ছিলেন। জোর করে তাকে হাসপাতালে আনা হয়েছে। বিজ্ঞ আদালতের দয়া চাচ্ছি যেন তার অসুস্থতা বিবেচনা করে তাকে রিমান্ডে না নেওয়া হয়। এর আগে, ১১ এপ্রিল আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। পুলিশ হেফাজতে থাকাকালীন ১২ এপ্রিল তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে পুনরায় আদালতে হাজির করে নতুন করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা চালানো হয়। আসামিরা বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে থাকে। এতে আন্দোলনে অংশ নেওয়া দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২১ জুলাই সকাল ৭টা ৪০ মিনিটে তিনি মারা যান। এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। উল্লেখ্য, গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরদিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরদিন ২৪ মার্চ পল্টন মডেল থানার মামলায় তার পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত