ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট আজ

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট আজ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ আজ বুধবার শুরু হবে। মোট ১৪২টি আসনে ভোট হবে। এর মধ্যে রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া। ৪ মে ভোট গণনা ও ফল প্রকাশ হবে।

এদিকে, প্রথম দফার ভোটে কাজ করা ২৬ জন পুলিশ আধিকারিককে দ্বিতীয় দফার ভোটেও কাজে লাগানো হচ্ছে। এই পুলিশ আধিকারিকদের কোথায় দায়িত্বভার গ্রহণ করতে হবে, সোমবার এক বিজ্ঞপ্তিতে তা জানিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের মঙ্গলবার সকাল ১০টায় দায়িত্ব বুঝে নিতে বুঝার কথা বলা হয়েছে। রাজ্যের বেশ কয়েক জন আমলা এবং পুলিশ আধিকারিককে তাঁদের পদ থেকে অপসারণ করে নির্বাচন কমিশন। সেই সব পদে নতুন আধিকারিকও নিয়োগ করে দেওয়া হয়। শুধু তাই নয়, কমিশন স্পষ্ট জানিয়েছে, যাদের অপসারণ করা হচ্ছে, তাদের নির্বাচন সংক্রান্ত কোনও কাজে আপাতত আর নিয়োগ দেওয়া হবে না।

ট্রাইবুনালে আবেদনের নিষ্পত্তি হওয়ার পরে দ্বিতীয় দফার ভোটে পাশ হওয়া ১৪৬৮ জনের নাম যুক্ত হয়েছে ভোটার তালিকায়। মঙ্গলবার প্রকাশিত অতিরিক্ত তালিকায় কলকাতা দক্ষিণে ৬৭৭ জনের নাম, কলকাতা উত্তরে ৫৯৬, হাওড়ায় ৭৭ জন, নদিয়ায় ৩৯ জন, উত্তর ২৪ পরগনায় ৩৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩০ জন, পূর্ব বর্ধমানে আট জন এবং হুগলিতে সাত জনের নাম যুক্ত হয়েছে ভোটার তালিকায়। গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ভোটারদের প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল কমিশন। তার পর থেকে ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

দ্বিতীয় দফার ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, ভবানীপুর কেন্দ্রে ভোট। কারণ, এই আসন থেকে লড়াই করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূলেনত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, তাঁর কঠিনতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। গত বিধানসভা ভোটে শুভেন্দুর কাছে নন্দীগ্রামে পরাজিত হয়েছিলেন মমতা।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ, যা ভারতের নির্বাচন কমিশন-এর তথ্য অনুযায়ী নজিরবিহীন। রাজ্যের ১৬টি জেলায় ১৫২টি আসনে সম্পন্ন হয় এ ভোটগ্রহণ। প্রথম দফার ভোট শেষে বিজেপি দাবি করেছে তারা ১৫২টি আসনের মধ্যে ১১০টির বেশি আসনে জিতবে। অন্যদিকে তৃণমূলের আশা, তাদের সাংগঠনিক শক্তি অটুট থাকবে।

মমতাকে ‘হুমকি’র অভিযোগ বিজেপির বিরুদ্ধে, কমিশনের ভূমিকায় প্রশ্ন তৃণমূলের: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির জাতীয় মুখপাত্র অজয় অলকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ ভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার এ খবর জানিয়েছে।

মঙ্গলবার তৃণমূলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ক্রিনশট প্রকাশ করা হয়। সেখানে দেখা যাচ্ছে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের একটি পোস্ট শেয়ার করে অজয় অলক হিন্দিতে লিখেছেন, ‘লাতো কে ভুত বাতোঁ সে নেহি মানতে। রেজাল্ট আনে তক কঁহি নিপট না যায়ে। ডরায়েগা তো ঠোকায়েগা’। এই পোস্টে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ট্যাগ করেছেন। তৃণমূলের দাবি, এই বার্তার মাধ্যমে তিন বারের একজন মুখ্যমন্ত্রীকে প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছে। দলটির অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত অমিত শাহের কর্মকাণ্ডে এমন সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে।

তৃণমূলের পোস্টে বলা হয়েছে, বিজেপি এই পরিবর্তনই বাংলায় চায়। ওরা বিহার-উত্তরপ্রদেশের মতো ওদের ‘ঠোক দো’ সংস্কৃতি বাংলায় আনতে চায়।

তৃণমূল মুখপাত্র ঋজু দত্ত এই প্রসঙ্গে বলেন, বিজেপি রাজ্যে তৃণমূলের সঙ্গে পেরে না উঠে এখন মুখ্যমন্ত্রীকে হুমকি দিচ্ছে। বুধবার ভোট দেওয়ার আগে রাজ্যের মানুষ দেখে নিচ্ছে বিজেপি মহিলাদের সঙ্গে কী আচরণ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত