ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন জঙ্গি নেই উপদেষ্টা বললেন আছে

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই : র‌্যাব
স্বরাষ্ট্রমন্ত্রী বললেন জঙ্গি নেই উপদেষ্টা বললেন আছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের বক্তব্যে দেশে জঙ্গিবাদের অস্তিত্ব ও পরিস্থিতি নিয়ে ভিন্নমত প্রকাশ পেয়েছে।

উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে জঙ্গি নেই এ কথা পুরোপুরি বলা যাবে না। তার মতে, দেশে জঙ্গি রয়েছে, তবে অতীতে বিশেষ করে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে জঙ্গিবাদকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল, তা অনেকাংশে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং ক্ষমতায় টিকে থাকার কৌশল হিসেবেও ব্যবহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘দেশে জঙ্গি সম্পর্কে দুটি চরম ধারণা রয়েছে। একটি হলো দেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটি হলো দেশে কোনও জঙ্গি নেই। সরকার মনে করে দুটোই ভুল। সমাজের একটি ক্ষুদ্র অংশে উগ্রপন্থার প্রবণতা রয়েছে, যা মাঝেমধ্যে সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে, রাষ্ট্র তা নিয়ন্ত্রণে কাজ করছে।’ অন্যদিকে গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ে কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, বর্তমানে দেশে জঙ্গি বা উগ্র তৎপরতার কোনও অস্তিত্ব নেই।

তিনি আরও বলেন, ‘‘পৃথিবীর সব দেশেই কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, আর থাকে কিছু রেডিকেল ফোর্স ও ফান্ডামেন্টাল পলিটিক্যাল পার্টি। তবে বর্তমান বাংলাদেশে এমন তৎপরতা বা শব্দের প্রয়োগ করার মতো পরিস্থিতি নেই।’’

তিনি বলেন, আগে ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক সুবিধা নিতে এসব বিষয়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। বর্তমানে বাংলাদেশে সেগুলোর অস্তিত্ব নেই।

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই : দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সম্ভাব্য হুমকির কোনো বাস্তব ভিত্তি নেই বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তবে যেকোনো ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ প্রসঙ্গে র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার বলেছেন, আমরা এ মুহূর্তে এমন কোনো থ্রেট দেখছি না। তবে যেকোনো সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আমাদের ডিপ্লয়মেন্ট রয়েছে। আমরা আশা করি, অপরাধীরা এ ধরনের সাহস করবে না। গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৭ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা সন্ত্রাসীরা হলেন, আব্দুর রহমান, রহমত উল্লাহ (৪২), মনিরুল ইসলাম ওরফে রাডার মনির (৪৯), মো. নুর হোসেন (৫০), আল আমিন ওরফে ফাটা আল আমিন (২৪) ও মো. সুর নবী (১৯)। অভিযানে তাদের কাছ থেকে তিনটি পিস্তল, দুটি ম্যাগজিন, ৩৩ রাউন্ড গুলি, দুটি চাপাতি এবং ১ লাখ ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া, মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় একনলা বন্দুক ও একটি কার্তুজও উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, নিউ মার্কেট ও শেরেবাংলা নগর এলাকায় ২৪টি টহল টিম তিন শিফটে নিয়মিত দায়িত্ব পালন করছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চেকপোস্ট বসানো হচ্ছে।

খালিদুল হক হাওলাদার বলেন, দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও জনসাধারণ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের টহল ও অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত