ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

স্মার্টফোন আনছে ওপেনএআই

স্মার্টফোন আনছে ওপেনএআই

স্মার্টফোন জগতের চিরচেনা সমীকরণ বদলে দিতে বড়সড় এক চমক নিয়ে আসছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই (OpenAI)। অ্যাপনির্ভর জীবন থেকে মানুষকে মুক্ত করে সরাসরি ‘এআই এজেন্ট’ (AI Agent)-এর মাধ্যমে সব কাজ করার সুযোগ দিতে নিজস্ব স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে সংস্থাটি। যদি এই পরিকল্পনা সফল হয়, তবে অ্যাপল ও স্যামসাংয়ের মতো টেক জায়ান্টদের আধিপত্য বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতের এই ডিভাইসের মূল আকর্ষণ হলো এর এআই এজেন্ট। এটি এমন এক প্রযুক্তি যা ব্যবহারকারীর মুখের কথা শুনেই নিজে থেকে প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করবে।

আলাদা আলাদা অ্যাপ খোলার ঝামেলা ছাড়াই এই এজেন্ট আপনার জন্য গাড়ি (ক্যাব) বুক করা, মিটিংয়ের সময় নির্ধারণ করা কিংবা গুরুত্বপূর্ণ নথি বা ফাইল পাঠানোর কাজ করে দেবে। আপনার পছন্দ-অপছন্দ বুঝে নিয়ে এটি একজন ব্যক্তিগত সহকারীর মতো আপনার দৈনন্দিন রুটিন পরিচালনা করবে। বিখ্যাত শিল্প বিশ্লেষক মিং-চি-কুওর মতে, এই ফোনে মিডিয়াটেক (MediaTek) চিপসেট ব্যবহার করা হতে পারে এবং এর উৎপাদনের দায়িত্বে থাকতে পারে লাক্সশেয়ার (Lxushare)।

বিশ্লেষকদের মতে, এআই যদি মানুষের প্রকৃত সহকারী হতে চায়, তবে স্মার্টফোনের হার্ডওয়্যারের ওপর নিয়ন্ত্রণ থাকা জরুরি। ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান গত এক বছর ধরে এমন একটি আধুনিক হার্ডওয়্যারের ইঙ্গিত দিয়ে আসছেন যা ২০২৬ সালের শেষ নাগাদ বাজারে আসতে পারে। এটি সফল হলে স্মার্টফোন দুনিয়ায় এক নতুন বিপ্লব ঘটবে এবং অ্যাপভিত্তিক স্মার্টফোনের চল অনেকটাই কমে যেতে পারে। যদিও ওপেনএআই কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি, তবে টেক দুনিয়ায় এই নিয়ে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত