ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম

বললেন তথ্যমন্ত্রী
চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম

চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়; মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি শক্তিশালী মাধ্যম বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আয়োজিত ‘সত্যজিৎ রায় উৎসবে’ তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, একটি সৃষ্টিশীল কাজ- হোক তা চলচ্চিত্র বা বই, মানুষের চিন্তায় গভীর পরিবর্তন বা ‘প্যারাডাইম শিফট’ ঘটাতে পারে। কমিউনিকেশন ও সৃষ্টিশীলতার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সমাজে মানুষের চিন্তার কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে মনে করেন জহির উদ্দিন স্বপন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস-ঐতিহ্য পরিষদ ও Indian Council for Cultural Relations -এর যৌথ উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। উপমহাদেশের ইতিহাস, বিশেষ করে ভারত ভাগ আমাদের সাহিত্য, সংস্কৃতি ও সামগ্রিক চিন্তাজগতে গভীর প্রভাব ফেলেছে জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, এই প্রভাব যেন চিন্তার স্বাধীনতাকে সীমাবদ্ধ না করে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। সেইসঙ্গে ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্প্রসারণ এবং তরুণদের সঙ্গে সংযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সত্যজিৎ রায়ের মানবিকতা ও মুক্তচিন্তার দর্শন আজও প্রাসঙ্গিক জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সমসাময়িক প্রেক্ষাপটে এসব মূল্যবোধ ধারণ ও চর্চার মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে সৃষ্টিশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ান বাড়ে, চলচ্চিত্র গবেষক অধ্যাপক মঈন উদ্দিন খালেদ, চলচ্চিত্র নির্মাতা তানভির মোকাম্মেল, অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ এবং চলচ্চিত্র বিশ্লেষক বিধান রিবেরু বক্তব্য দেন। এর আগে মন্ত্রী অনুষ্ঠানস্থলে সত্যজিৎ রায়ের ওপর অঙ্কিত চিত্রকর্মের প্রদর্শনী ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ চলচ্চিত্রপ্রেমীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত