
দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্যে সুমন (৩৫) নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার স্থানীয় সময় বিকালে আফ্রিকায় নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা গুলি চালিয়ে তাকে হত্যা করে। নিহত সুমন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, সুমন দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে ব্যবসা করে আসছিলেন। শনিবার স্থানীয় সময় বিকালে আফ্রিকায় নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। সুমন তিন বছর আগে বাংলাদেশে এসে বিয়ে করেছিলেন। তার দুই বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। এদিকে, সুমনের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। পরিবারে চলছে আহাজারি।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি জানতে পেরে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের লাশ বাংলাদেশে আনার ক্ষেত্রে তার পরিবারকে সহযোগিতা করা হবে।’