
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ‘ইতিবাচক ভূমিকা’র প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার (নন রেসিডেন্ট) ডেরেক লোহ। একইসঙ্গে তিনি ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার, সহযোগিতা সম্প্রসারণ এবং উভয় দেশের উন্নয়ন উদ্যোগে নতুন সম্ভাবনা তৈরির আশাবাদ ব্যক্ত করেন।
গতকাল সোমবার সকালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডেরেক লোহ। সাক্ষাতকালে তিনি দলটির কর্মকাণ্ডের প্রশংসা করেন। এ সময় হাইকমিশনারের সঙ্গে ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি সাউথ এবং সাউথ এশিয়ার কান্ট্রি ডাইরেক্টর তাই দায়ে আর্ন।
আলোচনায় বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রের অগ্রগতি, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন। এ সময় হাইকমিশনার বিরোধীদলীয় নেতাকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান।
জামায়াত ও ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল প্রতিনিধি দলের বৈঠক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনালের’ বাংলাদেশ প্রতিনিধি দলের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়। ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনালের’ প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ অফিসের চিফ ডিরেক্টর ড. আবদুল আলিম, সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম।
জানা যায়, বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলসমূহের সক্রিয় ভূমিকা পালন, বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী ও টেকসই করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতকরণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করা হয়। ভবিষ্যতেও দেশে সুশাসন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা জোরদারে জামায়াতে ইসলামী গঠনমূলক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এসময় বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী ও টেকসই করতে ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’ ভবিষ্যতে তাদের সহযোগিতা আরও সম্প্রসারিত করবে বলে আশা প্রকাশ করেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আবদুল বাতেন।