ঢাকা রোববার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

রোহিঙ্গা সংকট নিরসনে আরও জোরাল আন্তর্জাতিক সহায়তা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা সংকট নিরসনে আরও জোরাল আন্তর্জাতিক সহায়তা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘের ছায়াতলে আরও ব্যাপক আন্তর্জাতিক সমর্থন ও বৈশ্বিক তহবিলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। গতকাল শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইকের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও টেকসই অভিবাসনে বিশ্বাসী। তবে রোহিঙ্গা সংকট এখন জটিল ও স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে এবং এটি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য বিভিন্ন মানবিক প্রকল্প চলমান থাকলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক পরিসরে গুরুত্বের সঙ্গে তুলে ধরায় জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের সরকার ও জনগণের মানবিক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘমেয়াদি বোঝা বাংলাদেশের একার পক্ষে বহন করা সম্ভব নয়। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও দৃশ্যমান সমর্থন প্রয়োজন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের কথাও তুলে ধরেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত