
গরমের সময়ে তাপমাত্রা বাড়লে তার প্রভাব শুধু মানুষের ওপরই পড়ে না, আমাদের নিত্যসঙ্গী স্মার্টফোনের ওপরও পড়ে। একটু দীর্ঘসময় গেম খেলা, ভিডিও দেখা কিংবা সাধারণ ব্যবহারের সময়ই অনেকের স্মার্টফোন দ্রুত গরম হয়ে উঠছে। অতিরিক্ত গরম হওয়ার ফলে ফোন যেমন স্লো বা ধীরগতির হয়ে যায়, তেমনই ফোনের ব্যাটারিও দ্রুত নষ্ট হতে পারে। এমনকি সাম্প্রতিক সময়ে স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে তা বিস্ফোরণ বা ব্লাস্ট হওয়ার মতো ভয়াবহ দুর্ঘটনার খবরও প্রায়ই শোনা যাচ্ছে। মূলত আমাদের কিছু অসচেতনতা ও ভুল ব্যবহারের কারণেই ফোন অতিরিক্ত গরম বা ওভারহিট হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক, স্মার্টফোনকে অতিরিক্ত গরম হওয়ার হাত থেকে বাঁচাতে কোন ভুলগুলো এড়িয়ে চলবেন এবং কী কী সতর্কতা অবলম্বন করবেন-
স্মার্টফোন গরম হওয়ার অন্যতম প্রধান কারণ হলো- এটিকে সরাসরি সূর্যের আলো বা অতিরিক্ত উত্তপ্ত জায়গায় রাখা। বাইরে থাকার সময় সরাসরি কড়া রোদে ফোন ব্যবহার করলে কিংবা গাড়ির ড্যাশবোর্ডে ফোন রেখে দিলে সেটি দ্রুত গরম হয়ে যায়। তাই রোদে থাকা অবস্থায় ফোন পকেটে বা ব্যাগে রাখুন এবং যতটা সম্ভব ছায়ায় রেখে ব্যবহার করার চেষ্টা করুন।
টানা কয়েক ঘণ্টা ধরে হাই-গ্রাফিক্সের গেম খেলা, একটানা ভিডিও রেকর্ডিং বা লাইভ স্ট্রিমিং করলে ফোনের প্রসেসরের ওপর প্রচণ্ড চাপ পড়ে। এর ফলে ফোন দ্রুত গরম হতে শুরু করে।
তাই একটানা দীর্ঘ সময় ফোন ব্যবহার না করে, মাঝে মাঝে ফোনটিকে কিছুটা সময় বিশ্রাম দেওয়া উচিত।
ফোনের স্ক্রিনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা সবসময় ফুল বা অতিরিক্ত বাড়িয়ে রাখলে তা ব্যাটারির ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এবং ফোন গরম করে তোলে। তাই প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেস কমিয়ে রাখুন কিংবা ‘অটো-ব্রাইটনেস’ মোড ব্যবহার করুন। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অপ্রয়োজনীয় অ্যাপগুলো নিয়মিত বন্ধ করে দিন।
কম দামি, নিম্নমানের বা নন-ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করা ফোনের জন্য অত্যন্ত বিপজ্জনক। এই চার্জারগুলো ফোনের সঠিক ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে পারে না, যার ফলে চার্জ হওয়ার সময় মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায় এবং ব্যাটারির আয়ুও কমে যায়। তাই সবসময় ফোনের সঙ্গে থাকা আসল চার্জার কিংবা নির্দিষ্ট ব্র্যান্ডের অনুমোদিত চার্জারই ব্যবহার করা উচিত।
অনেকেরই অভ্যাস থাকে ফোন চার্জে থাকা অবস্থাতেই গেম খেলা, কথা বলা কিংবা ভিডিও দেখা। চার্জ হওয়ার সময় ফোনের ব্যাটারিতে এমনেই কিছুটা তাপ উৎপন্ন হয়, তার ওপর ফোনের ব্যবহার সেই তাপকে বহুগুণ বাড়িয়ে দেয়। তাই চার্জিংয়ের সময় ফোনে যেকোনো ধরনের কাজ করা থেকে বিরত থাকুন।
ফোনের সুরক্ষার জন্য আমরা যে কাভার ব্যবহার করি, তা অনেক সময় বিপত্তির কারণ হয়। অতিরিক্ত মোটা বা ভারী কাভার ব্যবহারের ফলে ফোনের ভেতরের গরম বাতাস বাইরে বের হতে পারে না। ফলে ফোন দ্রুত ওভারহিট হয়। ফোন বেশি গরম হয়ে গেলে সাময়িকভাবে ব্যাক কাভারটি খুলে রাখলে তা দ্রুত ঠান্ডা হতে সাহায্য করে।
ফোনের সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম নিয়মিত আপডেট না করলেও পারফরম্যান্সে ঘাটতি দেখা দেয় এবং ফোন গরম হয়। নিয়মিত আপডেট ফোনের সিস্টেমকে অপ্টিমাইজ করে এবং গরম হওয়ার সমস্যা কমায়। এ ছাড়া, প্রসেসরের ওপর চাপ কমাতে এবং ফোন ঠান্ডা রাখতে প্রয়োজন অনুযায়ী ‘ব্যাটারি সেভার মোড’ চালু রাখতে পারেন।
সাধারণ এই ছোট ছোট সতর্কতাগুলো মেনে চললেই স্মার্টফোনের ওভারহিটিং বা অতিরিক্ত গরম হওয়ার সমস্যা অনায়াসে এড়ানো সম্ভব, যা আপনার প্রিয় ফোনটিকে দীর্ঘদিন পর্যন্ত নিরাপদ ও সচল রাখবে।