
চট্টগ্রামের রাউজান উপজেলায় দিন দুপুরে প্রকাশ্যে গুলি করে এক যুবদল নেতাকে খুন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তাকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে গেছে। এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ লোকজন এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে মিছিল-স্লোগান দিয়ে যাচ্ছে। এ ছাড়াও চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী অংশে অবরোধ করে বিক্ষোভ করছেন। নিহত ব্যক্তির নাম মাসুদ উল হক চৌধুরী। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা। তার বড় ভাই স্বপন চৌধুরী বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। মাসুদ বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের রাজনীতিতে সক্রিয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রাউজান পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম বলেন, ‘একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে পর পর বেশ কয়েকটি গুলি করে পালিয়ে গেছে। নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার পূর্বক শাস্তি দাবি জানাচ্ছি।’
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলে) বেলায়েত হোসেন বলেন, ‘পাহাড়তলী চৌমুহনী বাজারে মাসুদ নামে এক ব্যক্তিকেকে বা কারা গুলি করে হত্যা করে পালিয়ে গেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর রাউজান উপজেলায় ২৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী বলে বলে জানান সিএমপি কমিশনার।