
দক্ষিণ আফ্রিকায় চলমান অভিবাসী বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে প্রেটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। গতকাল শনিবার হাইকমিশনের এক বার্তায় জানানো হয়, দক্ষিণ আফ্রিকায় অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের দেশত্যাগে বাধ্য করার প্রেক্ষাপটে বাংলাদেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা এ বিষয়ে সম্মিলিতভাবে দেশটির কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের সঙ্গে আলোচনা করছেন। হাইকমিশন জানায়, এমন সময় গত ১০ জুন জোহানেসবার্গ বিমানবন্দরে আটক হওয়া ৯ জন বাংলাদেশি নাগরিকের অবৈধ ভ্রমণ ও গ্রেপ্তারের ঘটনা স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ ছাড়া গত দুই দিনে আরও প্রায় ২০ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করে আটক হয়ে দেশত্যাগে বাধ্য হয়েছেন বলেও জানানো হয়। বার্তায় বলা হয়, এ ধরনের পরিস্থিতিতে কোনো ধরনের অনিয়ম বা অবিবেচনাপ্রসূত আচরণ অনাকাঙ্ক্ষিত। বিদেশ ভ্রমণ, বসবাস ও জীবিকা নির্বাহ অবশ্যই আইনগত প্রক্রিয়া অনুসরণ করে করতে হবে।
হাইকমিশন আরও জানায়, অবৈধ অভিবাসনের কারণে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিভিন্ন দেশের ভিসা পাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংস পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিক ও তাদের ব্যবসাপ্রতিষ্ঠান সুরক্ষায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। প্রবাসীদের বৈধ কাগজপত্র হালনাগাদ রাখা, নিরাপদ থাকা এবং স্থানীয় কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছে।