ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বিভিন্ন গোষ্ঠী আবার ‘মাথাচাড়া দিয়ে উঠছে’: ফখরুল

বিভিন্ন গোষ্ঠী আবার ‘মাথাচাড়া দিয়ে উঠছে’: ফখরুল

বিভিন্ন গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের ‘চেষ্টা করছে’ তুলে ধরে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘দুর্ভাগ্য বাংলাদেশে আমরা সবসময় কিন্তু সহজেই সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছেন। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন। অনেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছেন।’ গত মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত আপনার, প্রচার প্রচারণা হচ্ছে, যে সমস্ত অপপ্রচার হচ্ছে, এই সবকিছু মিলিয়ে কিন্তু সমাজকে আবার ভিন্ন পথে পরিচিত করবার একটা উদ্যোগ আছে। একটা সচেতন চেষ্টা আছে। সেই চেষ্টাকে যেন আমরা সবাই মিলেই, এটাকে প্রতিরোধ করতে পারি, প্রতিহত করতে পারি এবং সঠিকভাবে এগিয়ে যেতে পারি সেই চেষ্টাটা আমাদের করা দরকার।’ ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপিকে ‘সবচেয়ে নিরাপদ’ রাজনৈতিক দল আখ্যায়িত করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এ দলের নেতৃত্বাধীন সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করবার জন্য অঙ্গীকারাবদ্ধ।

বিএনপির মহাসচিব বলেছেন, ‘আজকে দেখুন, যখন একটা রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীনতা পেয়েছি। এখন অন্তত সংবাদমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা এখন পর্যন্ত যেটা লক্ষ্য করছি যে বর্তমান সরকার এই সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য অঙ্গীকারাবদ্ধ আছে এবং তারা কাজ করছে। কিন্তু অন্যদিকে সংবাদপত্রের মালিকরা যারা বিভিন্ন হাউজগুলোয় আছেন, তারা কিন্তু অন্যায়ভাবে সাংবাদিকদের নির্যাতন করছে।”

বিএনপি কোনো বিপ্লবী দল নয়, বরং উদার গণতান্ত্রিক দল, এ কথা তুলে ধরে বিএনপিকে সবচেয়ে নিরাপদ রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আমি এর আগেও বলেছি যে আমি ব্যক্তি হিসাবে কিন্তু একেবারে ‘লিবারেল ডেমোক্রেট’। আমি হচ্ছি, উদার গণতান্ত্রিক দল। আমি এখানে আমরা কোন ধর্ম-বর্ণ বা অন্য কোনো কিছুর ভিত্তিতে এখানে বিভাজনের পক্ষে নই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি সকলকে সমান অধিকার দেওয়ার পক্ষপাতী মানুষ। এই জন্যই আমি সবসময় বলে থাকি যে বিএনপিকে আপনারা যদি কেউ মনে করেন, যে বিএনপি একটা বিপ্লবী দল, সেই বিপ্লবী দল কিন্তু বিএনপি নয়; বিএনপি একটা ‘লিবারেল ডেমোক্রেটিক’ দল। এটা সবসময় মনে রাখতে হবে আমাদেরকে। এইজন্যেই আমরা মনে করি যে বিএনপি হচ্ছে সবচাইতে নিরাপদ একটা রাজনৈতিক দল। যে দলের মধ্যে সাংবাদিক বলুন, অন্যান্য পেশাজীবী যারা আছেন তারা কিন্তু সবসময় নিরাপদ থাকতে পারেন। বিএনপি অন্যের মত সহ্য করবার একটি রাজনৈতিক দল। এবং সেইটাই আমরা বরাবর করে এসেছি।’

বিএনপি যখনই সরকারে এসেছে সাংবাদিক দমন বা নির্যাতন সবচেয়ে কম হয়েছে দাবি করেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে পাশে দাঁড়নো সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আমার দীর্ঘ এই রাজনীতি করা জীবনের থেকে আমি একটা জিনিস উপলব্ধি করেছি- আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসাথে যায় না। আগেও যায়নি। অর্থাৎ আওয়ামী লীগের জন্মের পরেও যায়নি এবং এই বিগত ‘ফ্যাসিবাদের’ সময় তো যায়নি।’ তিনি বন্ধ হয়ে যাওয়া সংবাদমাধ্যমগুলো পুনরায় চালু করতে সাংবাদিকদের অনুরোধ করেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে আয়োজিত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত