ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম গুলিবিদ্ধ ২

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম গুলিবিদ্ধ ২

রাজধানীর আদাবরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে চাপাতির আঘাতে থানা পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে।

গতকাল মঙ্গলবার আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় পুলিশ অভিযান চালালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, সকালে আদাবরের একটি এলাকায় চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে দুপুরে ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় ছিনতাইকারীদের চাপাতির আঘাতে তিনি ও উপ-পরিদর্শক (এসআই) তরুণ আহত হন। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় আটকরা হলেন রুবেল ও আমির। বাকি দুজন কাশেম ও মো. জয়। এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আদাবরের ৭ নম্বর সড়কে একটি বিকাশের দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় তিন লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করা হয় বলে জানা গেছে।

ভুক্তভোগী শফিকুলের স্বজন মো. মুসলিম বলেন, আমার ভাই বাসা থেকে নগদ তিন লাখ টাকা নিয়ে দোকানে আসে। সে দোকান খুলে বসা মাত্রই ৪ থেকে ৫ জন চাপাতি হাতে দোকানে আসে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তার ডান হাতে কোপ দিয়ে টাকা ও বিকাশ ব্যবহার করার মোবাইল নিয়ে যায়।

কবজি কাটা গ্যাংটি আদাবর ১০, ১৭, শ্যামলী হাউজিং, তুরাগ হাউজিং এবং মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান, নবীনগর, চন্দ্রিমা হাউজিংসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও দখলের সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত