ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

মিছিলের প্রস্তুতি

নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ নেতাকর্মী রিমান্ডে

নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ নেতাকর্মী রিমান্ডে

রাজধানীর বনানী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৪ নেতাকর্মীর মধ্যে ১৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তবে এক আসামি কিশোর হওয়ায় আদালত তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার আসামিদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। শুনানি শেষে আসামিদের রিমান্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মোতাহের হোসেন শুভ, মারুফুল ইসলাম, তানভীর আহম্মেদ সানী, ওয়ালিউল্লাহ ফারুক আদর, সামির চৌধুরী ওরফে লিয়ন, ইমন আলী খান, ইয়াছিন আরাফাত আবির, সিফাত রহমান, ইয়াসিন আরাফাত নিহাদ, নাজমুল সরকার, আবির হোসেন, তৌকির তারেক আয়াজ ও হাবিবুর রহমান। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য দিয়েছেন।

?মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ মে ভোর ৪টা ১০ মিনিটে আসামিরা বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের (আউটগোয়িং) নেভি হেডকোয়ার্টার্সের বিপরীত পাশে পাকা রাস্তার ওপর বেআইনিভাবে জড়ো হন। এ সময় একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় হওয়া মামলার পরিপ্রেক্ষিতে এই আসামিদের গত ১৩ জুন গ্রেফতার করে। অভিযোগে বলা হয়, গ্রেফতার আসামিরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য। তারা ওই স্থানে অবস্থান নিয়ে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশা করে মিছিলের প্রস্তুতি নেন। একইসঙ্গে তারা পরস্পর যোগসাজশে ষড়যন্ত্র ও প্ররোচনার মাধ্যমে সরকারি ও জনসাধারণের সম্পত্তির ক্ষতিসাধন করে বর্তমান সরকারকে উৎখাত বা পতন ঘটানোর লক্ষ্যে বিভিন্ন সরকারবিরোধী স্লোগান সম্বলিত লিফলেট ও পোস্টার বিতরণ করছিলেন। অভিযানকালে ঘটনাস্থল থেকে আসামিদের কাছ থেকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস সংক্রান্ত লেখা ও নেতাকর্মীদের ছবি সম্বলিত ২৪টি পিভিসি পোস্টার, একটি টিভিএস আরটিআর মোটরসাইকেল এবং মোবাইল ফোন জব্দ করা হয়।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে সত্যতা স্বীকার করেছেন। মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, অর্থ জোগানদাতা ও ঘটনার মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করা এবং পলাতক ১০/১৫ জন অজ্ঞাতনামা আসামিকে গ্রেপ্তারের স্বার্থে আসামিদের পুলিশ হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত