ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

বাজার ভালো থাকায় এবার তিল চাষে কৃষকরা খুশি

বাজার ভালো থাকায় এবার তিল চাষে কৃষকরা খুশি

সিরাজগঞ্জে চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে এবার তিল চাষে বাম্পার ফলন হয়েছে। এর মধ্যেই হাইব্রিডসহ বিভিন্ন জাতের তিল কাটা ও মাড়াই শুরু হয়েছে। বাজারে এ নতুন তিলের দাম ভালো থাকায় কৃষকরা খুশি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ৭ হাজার ১৭২ হেক্টর জমিতে তিল চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কৃষকরা লাভজনক এ চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এসব তিলের মধ্যে রয়েছে হাইব্রিড বারি ১, বারি ২, বারি ৩ এবং দেশিও জাতের তিল। এ চাষ সবচেয়ে বেশি হয়েছে- যমুনা নদীর তীরবর্তী বেলকুচি, শাহজাদপুর, চৌহালী, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে। এছাড়া উল্লাপাড়া, তাড়াশ, কামারখন্দ ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এ চাষ হয়েছে। তবে খাল, বিল ও নদীর পাড়েও দেশি তিলের চাষ হয়েছে এবং এর মধ্যেই এ দেশি জাতের তিল ফুলের সমারোহ সৃষ্টি হয়েছে। বিশেষ করে চরাঞ্চলে হাইব্রিড তিল চাষে ফলন ভালো হয়েছে। এর মধ্যেই তিল কাটা ও মাড়াই শুরু হয়েছে। স্থানীয় কৃষকরা বলছেন, প্রতিবিঘা জমিতে ৩ থেকে সোয়া ৩ মণ তিল উৎপাদন হচ্ছে। তবে চরাঞ্চলে হাইব্রিড তিলের উৎপাদন বেশি হয়েছে। স্থানীয় কৃষি বিভাগ এ লাভজনক চাষে পরামর্শ দিয়ে থাকে এবং কৃষি কর্মকর্তারা কৃষকের তিল খেতও পরিদর্শন করেন। তবে পুরোদমে তিল কাটা শুরু হয়নি।

আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে দেশি আগাম জাতের তিল পুরোদমে কাটা শুরু হবে। এ তিল পুরোদমে কাটা শুরু হলে বাজারও জমে উঠবে। তিল ব্যবসায়ীরা হাট বাজারে এ নতুন তিল ক্রয় শুরু করছে। বর্তমান বাজারে প্রতি কেজি হাইব্রিড তিল ১৭৫ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে এবং দেশি তিল কাটা শুরু ও বাজারে উঠলে আরও দাম বাড়বে। এ তিলের তেল বাজারে কদর কম নয় এবং তিলের লাড্ডু, ভর্তা, খাঁজা, বিস্কুটসহ বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি হয়ে থাকে। বিশেষ করে চরাঞ্চলে হাইব্রিড তিল ক্রয় করে বিভিন্ন স্থানে সরবরাহ করছে ব্যবসায়ীরা। এ বিষয়ে জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক একেএম মঞ্জুরে মাওলা আলোকিত বাংলাদেশকে বলেন, খরচ কম এ লাভজনক তিল চাষে কৃষকদের পরামর্শ দেওয়া হয়। এ চাষে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা বেশি আগ্রহ হয়ে উঠেছে। তবে চরাঞ্চলে এবার এ তিলের চাষবাদ ভালো হয়েছে। বর্তমানে বাজার ভালো থাকায় কৃষকরা খুশি বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত