ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

খামেনির জানাজায় যাচ্ছে জামায়াত, যাচ্ছেন স্পিকারও

খামেনির জানাজায় যাচ্ছে জামায়াত, যাচ্ছেন স্পিকারও

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে এ সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে জানাজায় অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে তিনি তেহরান সফর করবেন এবং জানাজায় অংশ নেবেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজার নামাজ ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদ শহরে অনুষ্ঠিত হবে। ওই জানাজায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অংশ নেবেন।

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ইরান যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল।

ইরান সরকারের আমন্ত্রণে আগামী ৩ জুলাই এই প্রতিনিধিদল সেখানে যাবেন। তারা আগামী ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবে। গতকাল মঙ্গলবার জামায়াতের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী এবং ডা. এসএম খালিদুজ্জামান।

জামায়াতের প্রতিনিধি দলটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করার উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

ইরান সফরকালে সরকারি কর্মসূচি অনুযায়ী প্রতিনিধি দলটি দেশটির শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে।

এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত