ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা

বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা

যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)-এর প্রকাশিত গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে অযোগ্য বা বাস অনুপযোগী শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা তৃতীয় স্থানে রয়েছে। ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম। তালিকায় কেবল যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামেস্ক (১৭৩তম) এবং লিবিয়ার ত্রিপোলি (১৭২তম) ঢাকার চেয়ে খারাপ অবস্থানে রয়েছে। স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা, অবকাঠামো এবং স্থিতিশীলতা- এই পাঁচটি ক্যাটাগরির ওপর ভিত্তি করে এই র‍্যাংকিং নির্ধারণ করা হয়। দুর্বল অবকাঠামো এবং পরিবেশগত সমস্যার কারণে ঢাকা ধারাবাহিকভাবে এই অবস্থানে রয়েছে। গত বছরও এই তালিকায় একই অবস্থানে ছিল ঢাকা।

চলতি বছরে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের মর্যাদা পেয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো শীর্ষস্থান ধরে রাখল শহরটি। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রিয়ার ভিয়েনা ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন। উত্তর আমেরিকার একমাত্র শহর হিসেবে বাসযোগ্য শহরের শীর্ষ দশে জায়গা করে নিয়েছে কানাডার ভ্যাঙ্কুভার (৯ম)। অন্যদিকে বিশ্বের মেগাসিটিগুলোর মধ্যে একমাত্র জাপানের টোকিও (১০ম) শীর্ষ দশে স্থান পেয়েছে। বিশ্লেষকরা জানান, তীব্র যানজট ও উচ্চ অপরাধ প্রবণতার কারণে সাধারণত বিশ্বের বড় বড় মেগাসিটিগুলোর স্কোর কমে যায়। ২০২৬ সালের এই তালিকার একেবারে তলানিতে (১৭৩তম) রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক। দামেস্কের ঠিক ওপরে ১৭২তম অবস্থানে রয়েছে লিবিয়ার ত্রিপোলি। আর ১৭১তম অবস্থানে রয়েছে ঢাকা। এছাড়া পাকিস্তানের করাচি রয়েছে ১৭০তম অবস্থানে।

সাম্প্রতিক যুদ্ধ ও ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের শহরগুলোর বাসযোগ্যতার মান উল্লেখযোগ্যভাবে কমেছে। ইরানি ড্রোন হামলার পর ওমানের মাস্কটের অবস্থান ১৪ ধাপ নেমে ১২৩তম হয়েছে। এছাড়া দোহা, দুবাই এবং আবুধাবির মতো জনপ্রিয় ও উন্নত শহরগুলোর র?্যাংকিংও বেশ কয়েক ধাপ পিছিয়েছে। যুদ্ধের ফলে ইরানের তেহরান শহর ১৬৪তম স্থানে নেমে এসেছে এবং ইউক্রেনের কিয়েভ ১৬৬তম স্থানে নেমে গেছে। তালিকার উন্নতির দিক থেকে এবার সবচেয়ে এগিয়ে রয়েছে চীন। সরকারি বিনিয়োগের ফলে দেশটির প্রতিটি শহরের স্বাস্থ্যসেবা খাতের স্কোর বেড়েছে। চীনের ফুঝৌ শহর সাত ধাপ এগিয়ে ৯৩তম স্থানে উঠে এসেছে। তবে কড়া নজরদারি, পরিবেশগত সমস্যা এবং রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্রের ঘাটতির কারণে চীনের শহরগুলোর র‌্যাংকিং কাঙ্ক্ষিত মাত্রায় এগোতে পারছে না বলে ইআইইউ-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত