ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে

বললেন নাহিদ ইসলাম
দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে

দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বিগত সময়ে দেশে একদলীয় শাসন ছিল। কেউ কথা বলতে পারত না, গুমের শিকার হতো। আবারও বাংলাদেশকে একদলীয় শাসনের দিকে নেওয়া হচ্ছে। সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে বোমা ও ককটেল নিক্ষেপ করা হয়।’ গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘যারা আবার একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে, তাদের আওয়ামী লীগের পরিণতি স্মরণ করিয়ে দিতে চাই। ষোলো বছর একদলীয় শাসনের পর আওয়ামী লীগ হেলিকপ্টারে করে দিল্লিতে পালিয়ে গেছে।’

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল ফাটিয়ে কিংবা হামলা চালিয়ে আমাদের পদযাত্রা বন্ধ করা যাবে না। সখীপুরবাসী সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।’ জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, ‘২০২৪ সালে তরুণরা দেশের পরিবর্তনের জন্য জীবন দিয়েছে। যদি মাদক, দুর্নীতি ও লুটপাট অব্যাহত থাকে, তাহলে সেই আত্মত্যাগের কোনো মূল্য থাকবে না। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য দেশের ছাত্র-জনতা জীবন দেয়নি।’ বিচার ও আইনের শাসনের প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, ‘আমরা ন্যায়বিচারের কথা বলেছি। কিন্তু ৫ তারিখের পর সারাদেশে মামলা বাণিজ্য হয়েছে। নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আওয়ামী লীগের বিচার হোক, তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। চাঁদাবাজি ও লুটপাটও চলতে দেওয়া হবে না।’ গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সংকট সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার এবং সখীপুর পৌরসভার এনসিপির মেয়র প্রার্থী মাওলানা আনসার আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত