
দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে ৩২৭ জন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে হামের উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হল; যার মধ্যে চলতি জুলাই মাসে ১২ দিনে প্রাণ গেছে ৯ জনের। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় যে দুইজন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে তাদের মধ্যে একজন ঢাকা ও অন্যজন চট্টগ্রাম বিভাগের। এ সময় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৪২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে মোট ২৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। চলতি বছর এ পর্যন্ত এই বিভাগেই সর্বোচ্চ ১২ ডেঙ্গু রোগী মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬১ জন রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। সেখানে বর্তমানে ১৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে রাজধানীর চিত্রে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটি করর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৩৮ জন ও দক্ষিণ সিটি করর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৪৩ জন ভর্তি হয়েছেন।
দুই সিটি করর্পোরেশনের বাইরের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন আরো ৬১ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ২৩০ জন হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৮ হাজার ৬৫০ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৮০০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন ৮৯৬ জন; এর মধ্যে ভর্তি নেওয়া হয় ৮৫৬ জনকে।
এদিকে দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু এবং ১১৩ জনের হাম শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় যে একজনের মৃত্যু হয়েছে, তিনি সিলেট বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। তার পর থেকে গত প্রায় চার মাসে সারা দেশে হামে আক্রান্ত হয়ে ৯৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে তারা। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬৬৫ জনের। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৮৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ৯১ জন।