ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মোসাদের সঙ্গে যোগাযোগ থাকার কথা প্রত্যাখ্যান আহমাদিনেজাদের

মোসাদের সঙ্গে যোগাযোগ থাকার কথা প্রত্যাখ্যান আহমাদিনেজাদের

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এর কার্যালয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তার যোগাযোগ ও এ কারণে তাকে ‘গৃহবন্দি’ করে রাখার দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। গতকাল বুধবার আহমাদিনেজাদের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ প্রসঙ্গে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনের কথা উল্লেখ করে সেটির নিন্দা জানানো হয়েছে; খবর পার্সটুডের। গত ২০ মে প্রকাশিত ওই প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস দাবি করেছিল, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাটি আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে আর তেহরানে প্রথম হামলার পর মোসাদের ইরানি এজেন্টরা তাদের দেশের সাবেক প্রেসিডেন্টকে একটি ‘নিরাপদ জায়গায়’ সরিয়ে নিয়েছে। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, এক পরিবেশ সম্মেলনে যোগ দেওয়ার অজুহাতে আহমাদিনেজাদ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে গিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাটির প্রধানের সঙ্গে ‘গোপনে সাক্ষাৎ করেছেন’। এর জবাবে আহমাদিনেজাদের দপ্তর তাদের বিবৃতিতে অভিযোগ করে বলেছে, ‘ইরানের জনগণের বিরুদ্ধে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনার উদ্দেশ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ব্যবহার করে এসব ভুয়া খবর ছড়ানো হচ্ছে।’ এর আগেও ইরানের ‘সংবেদনশীল রাজনৈতিক পরিস্থিতিকে’ উদ্দেশ্য সাধনের উপায় হিসেবে ব্যবহার করতে ‘একই ধরনের ভিত্তিহীন প্রতিবেদন’ প্রকাশ করা হয়েছিল বলে দাবি করেছে তারা। যুক্তরাষ্ট্রের সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের ওই বিস্ফোরক প্রতিবেদনটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’, ‘হলিউডি কল্পকাহিনী’ ও ‘সস্তা বানোয়াট গল্প’ অভিহিত করে বিবৃতিতে এর নিন্দা জানানো হয়েছে।

সামরিক হুমকির কারণে তৈরি হওয়া রাজনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতির সুযোগ নিয়ে ‘জনমনে বিভ্রান্তি ছড়ানো’ এই প্রতিবেদনের উদ্দেশ্য বলে দাবি করেছে আহমাদিনেজাদের দপ্তর। বিবৃতিতে আহমাদিনেজাদ গৃহবন্দি নেই আর তিনি ‘আত্মবিশ্বাস ও দৃঢ়তার’ সঙ্গে নিজের দৈনন্দিন কাজ পরিচালনা করছেন ও ইরানি জনগণের ‘সেবায় নিয়োজিত আছেন’ বলে জানানো হয়েছে। এতে আরও বলা হয়, ‘নিউ ইয়র্ক টাইমস অর্থের বিনিময়ে কুখ্যাত ও অসৎ চক্রের পক্ষে ভুয়া নিবন্ধ ও উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রকাশ করে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত