
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল সোমবার প্রকাশের কথা থাকলেও তা হচ্ছে না। ফল প্রকাশ না করার কারণ হিসেবে সংশ্লিষ্টদের ‘প্রশাসনিক ব্যস্ততার কথা বলেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তবে এ মাসেই এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলেও তথ্য দিয়েছেন তিনি।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গতকাল শনিবার বিকালে বলেন, ‘শিক্ষামন্ত্রী ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে বোর্ড সংশ্লিষ্টরা বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি। ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে; তবে খুব বেশি দেরি হবে না।’
?চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আশা করছি চলতি মাসেই ফল প্রকাশ করা সম্ভব হবে।’
?এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন গত ১৫ জুন এক সংবাদ সম্মেলনে ২০ জুলাই চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা বলেছিলেন।
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। গত ২০ মে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়েছে। দাখিল এবং এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে এসএসসির ফল দেওয়ার রেওয়াজ আছে। সে বিবেচনায় ২০ জুলাই ফল প্রকাশের কথা বলেছিলেন মন্ত্রী। এ বছর ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। এরমধ্যে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন এসএসসি পরীক্ষায়, ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন দাখিল পরীক্ষায় এবং ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন।