
নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া কিশোর-কিশোরী ক্রীড়াবিদদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে পুষ্টিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় দি কিউব ইনস্টিটিউট ২০ জুলাই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে নতুন কুঁড়ি স্পোর্টসের ফাইনাল পর্বে উত্তীর্ণ ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৫৫০ জন কিশোর-কিশোরী ক্রীড়াবিদ অংশ নেয়। সেমিনারে শিশুদের শারীরিক বিকাশ, মানসিক সুস্থতা এবং ক্রীড়া দক্ষতা বাড়াতে সুষম খাদ্যাভ্যাসের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জাঙ্ক ফুড খাওয়া কমিয়ে অংশগ্রহণকারীদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি অংশগ্রহণকারীদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। সেমিনারে পুষ্টিবিদ ও পাবলিক হেলথ অ্যান্ড ওয়েলনেস কনসালট্যান্ট ইসরাত জাহান বলেন, কিশোর ক্রীড়াবিদদের শক্তি ও পুষ্টির চাহিদা তুলনামূলক বেশি। তাই তিনি তাদের প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত ফল, শাকসবজি এবং ডিম, মাছ ও মুরগির মতো প্রোটিনসমৃদ্ধ খাবার রাখার পরামর্শ দেন। একই সঙ্গে নিয়মিত দুধ পান করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুধে থাকা ক্যালসিয়াম ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান হাড় ও পেশি শক্তিশালী রাখতে এবং শরীরে প্রয়োজনীয় শক্তি জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের নিউট্রিশন পার্টনার হিসেবে আরলা ডানো শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে নিয়মিত দুধ পানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে। আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট অ্যাফেয়ার্স, কমিউনিকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের প্রধান আনোয়ারুল আমিন বলেন, বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ এ সময়ে সঠিক পুষ্টি ও নিয়মিত দুধ পান শিশুদের শরীরকে শক্তিশালী করে, তাদের কর্মশক্তি ধরে রাখতে সহায়তা করে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখে। তরুণ ক্রীড়াবিদদের আরও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করতে ডানো ডেইলি পুষ্টি নিয়ে এ উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা গর্বিত।