ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গা সীমান্তে পাঁচজনকে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি

চুয়াডাঙ্গা সীমান্তে পাঁচজনকে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ফের পুশইন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টায় দর্শনা সীমান্ত দিয়ে পাঁচজন নারী-পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করে বাহিনীটি। তবে বিজিবির তৎপরতায় সে চেষ্টা প্রতিহত করা হয়। অপরদিকে একই সময়ে জেলার জীবননগর সীমান্ত দিয়ে দুইজন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসীন হাবীব হাসান এক বিজ্ঞপ্তিতে জানান, গতকাল বৃহস্পতিবার ভোরে সীমান্ত পিলার ৭৬/৪-এস বরাবর অবস্থিত গেট দিয়ে প্রতিপক্ষ ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেটে ক্যাম্পের মাধ্যমে ১ জন পুরুষ, ৩ জন মহিলা ও একজন শিশুকে মোট পাঁচজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। এসময় ওই পাঁচজন বাংলাদেশে প্রবেশের পূর্বেই বিজিবি টহল দলের নজরে আসে। বিজিবি টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে এবং সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করে। পরবর্তীতে বিএসএফ উক্ত ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। ফলে বিজিবির তৎপরতায় অবৈধ পুশ-ইনের প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়। অপরদিকে, একই সময়ে জীবননগর সীমান্ত দিয়ে দুইজনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে স্থানীয়রা। বিএসএফের ঠেলে দেওয়া খুলনা জেলার দুই ভাই আমিনুর রহমান ও খলিলুর রহমানের দাবি, দুই বছর আগে কাজের সন্ধানে ভারতে যান তারা। গতকাল বৃহস্পতিবার সকালে মোট সাত জনকে ঠেলে দেয় বিএসএফ। বাংলাদেশে ঢোকার সময় বিজিবি বা পুলিশের সঙ্গে দেখা হয়নি তাদের। বাকি ৫ জন কোথায় গেছেন, সে বিষয়ে তারা কিছু জানাতে পারেননি।

এ ব্যাপারে মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল রফিকুল আলম জানান, পুশইন সংক্রান্ত তথ্য ৫৮-বিজিবির কাছে নেই। এমনকি তারা দুইজন পাটোয়ারি নামে যে সীমান্ত পয়েন্টের কথা বলছেন- সে নামে কোনো সীমান্ত জীবননগরের আশপাশে নেই। বিষয়টি যাচাই-বাছাই চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত