ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে হেপাটাইটিসে একজনের মৃত্যু

বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে হেপাটাইটিসে একজনের মৃত্যু

বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে একজন মানুষ হেপাটাইটিসজনিত জটিলতায় মারা যাচ্ছেন। বছরে এ রোগে প্রাণ হারান প্রায় ১৩ লাখ মানুষ। বাংলাদেশেও প্রতিবছর হেপাটাইটিসজনিত জটিলতায় প্রায় ২২ হাজার মানুষের মৃত্যু হয়। আক্রান্ত ব্যক্তিদের প্রায় ৯০ শতাংশই জানেন না তাদের শরীরে ভাইরাসটি রয়েছে। তবে সময়মতো পরীক্ষা, টিকাদান ও সচেতনতা বাড়ানো গেলে এ রোগজনিত মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

গতকাল মঙ্গলবার বিশ্ব হেপাটাইটিস দিবস ও লিভার কেয়ার সোসাইটির পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষ্যে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত সুধী সমাবেশে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে পাঁচ শতাধিক হেপাটাইটিস আক্রান্ত রোগী, তাদের পরিবারের সদস্য, চিকিৎসক, লিভার কেয়ার সোসাইটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বিশ্বে প্রায় ২৯ কোটি মানুষ হেপাটাইটিস বি বা সি ভাইরাস নিয়ে বসবাস করছেন। কিন্তু অধিকাংশই জানেন না যে তাঁরা আক্রান্ত। উপসর্গ ছাড়াই বছরের পর বছর শরীরে থাকা এই ভাইরাস একসময় লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের কারণ হয়ে দাঁড়ায়। বিশ্বব্যাপী লিভার ক্যানসারে প্রতি তিনজন মৃত্যুর মধ্যে দুজনের পেছনে হেপাটাইটিস বি বা সি ভাইরাস দায়ী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিভার কেয়ার সোসাইটির সভাপতি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ একরাম হোসেন। অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ওমর ফারুক।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, হেপাটাইটিস নির্মূলে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণ প্রয়োজন। জনসচেতনতা বাড়াতে লিভার কেয়ার সোসাইটির কার্যক্রম প্রশংসনীয়। সঞ্চালনায় ছিলেন লিভার কেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক তারেক শামস। সভাপতির বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, উপসর্গ না থাকলেও হেপাটাইটিস ঝুঁকিতে থাকা ব্যক্তিদের পরীক্ষা করানো জরুরি। তবে সময়মতো টিকা গ্রহণ, নিয়মিত স্ক্রিনিং, বৈজ্ঞানিক চিকিৎসা ও জনসচেতনতা বৃদ্ধি করা গেলে এ রোগে মৃত্যুর হার অনেকাংশে কমানো সম্ভব। অনুষ্ঠানে লিভার কেয়ার সোসাইটির পাঁচ বছরের কার্যক্রমও তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের জন্য বিনা মূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি শোভাযাত্রা বের করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত