
রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট-সংলগ্ন লিংক রোডে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ধারাল দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রবিউল ইসলাম, আজাদ ও রাজন।
পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত ধারাল অস্ত্রের অবাধ বিক্রি রোধে গত বৃহস্পতিবার রাতে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট-সংলগ্ন লিংক রোডে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ধরনের মোট ৪৬৪টি ধারালো অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল, ব্যাটন স্টিক এবং আসল আগ্নেয়াস্ত্রের আদলে তৈরি খেলনা পিস্তল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, উদ্ধারকৃত এসব অস্ত্র ও সরঞ্জাম রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।