ঢাকা রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

হামের উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত শুক্রবার সকাল ৮টার পর ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে একজন সিলেট, একজন রংপুর ও একজন ময়মনসিংহ বিভাগের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৪০ জনের।

এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের। বাকিরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩২২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছেন ১১০ জন। এ ছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৫, ময়মনসিংহে ৭১, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭৫১ জন হাসাতালে এসেছে, তাদের মধ্যে ভর্তি হয়েছে ৬৮৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, ২৩৯ জন। চট্টগ্রাম বিভাগে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২০৭ জন। এছাড়া বরিশালে ৮১ ও সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৭ জন। রংপুর বিভাগে সবচেয়ে কম, ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জনে। এর মধ্যে ১৬ হাজার ১৮০ জনের শরীরে হাম শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে নতুন করে ৩৭১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৮৯ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাহিরে) ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, বরিশাল বিভাগে ৯১ জন, খুলনায় বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১৭ জন ও সিলেট দুইজন রয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ১৪ হাজার ৪৫৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ১৬৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ আগস্ট পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ৬৮১ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ মহিলা। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত