
পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নিজেরাই হামলার শিকার হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর উত্তরখানের ৪৬ নম্বর ওয়ার্ডের রাজাবাড়ী এলাকায় অবস্থিত একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান ডিএনসিসি প্রশাসক ও অন্যান্য কর্মকর্তারা।
ডিএনসিসির দাবি, এর আগে এসটিএসে দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নেপচুন অ্যাকসেসরিজ গার্মেন্টসের সংশ্লিষ্ট ব্যক্তিরা হামলা চালিয়েছিল।
গতকাল রোববার সকালের ওই ঘটনার পর প্রশাসক, এমপি, স্থানীয় থানার ওসি এবং পুলিশের অন্যান্য সদস্য ঘটনাস্থল পরিদর্শনে যায়। এসময় পরিচ্ছন্নতাকর্মী ও গার্মেন্টস কারখানার মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে বাগ্?বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সহিংস রূপ নেয় এবং সেখানে থাকা ভাড়াটে সন্ত্রাসীরা প্রশাসক ও এমপির ওপর হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন আহত হন।
ডিএনসিসি জানায়, এ ঘটনায় কারখানার মালিকপক্ষের একজনসহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর পুলিশ এলাকায় অভিযান পরিচালনা করে। পরে ডিএনসিসি প্রশাসক ও এমপি উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশাসক বলেছেন, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে দিনের শুরুতে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর প্রাথমিক হামলায় ১৫ থেকে ২০ জন আহত হন। তাদের মধ্যে চারজন গুরুতর আহত হওয়ায় চিকিৎসার জন্য তাদের কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসি।